।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
কানাডার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো স্ট্রিট ফেস্টিভ্যালে উৎসবরত জনতার ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় এতে নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গাড়িচালককে আটক করা হয়েছে।
রবিবার ২৭ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টার কিছু পরে শহরের সানসেট অন ফ্রেজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় উৎসবস্থলে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ৩০ বছর বয়সী গাড়ি চালককে আটক করা হয়েছে।
এক বার্তায় ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টার কিছু পরে লাপু লাপু উৎসবে ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার ঘটনায় নয়জন নিহত হয়েছেন। তদন্ত সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের আরও তথ্য দিতে পারব।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফিলিপিনো সংস্কৃতির অনুষঙ্গ বার্ষিক লাপু লাপু উৎসব চলাকালে একটি গাড়ি পথচারীদের একটি দলকে ধাক্কা দিয়েছে।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী কানাডিয়ান টেলিভিশন চ্যানেল সিটিভি নিউজকে জানিয়েছেন, উৎসবের এলাকায় একটি কালো গাড়িকে অস্বাভাবিকভাবে চলতে দেখেছিলেন তিনি, ঠিক দুর্ঘটনার আগ মুহূর্তে। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, রাস্তায় আহত ও অচেতন মানুষ পড়ে আছে, আর উদ্ধারকর্মী ও সাধারণ মানুষ দ্রুত সাহায্য করার চেষ্টা করছেন।
আহতদের স্থানীয় একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালগুলোকে আগেই গণহারে আহত রোগী আসার বিষয়ে সতর্ক করা হয়েছিল।
স্থানীয় একটি খাবারের গাড়ির মালিক মিডিয়ার কাছে জানিয়েছেন কীভাবে গাড়িটি জনতার ভিড়ের ভেতর দিয়ে চলে যায়। বাও বানস ফুড ট্রাকের সহ-মালিক ইয়োসেব ভার্দেহ পোস্টমিডিয়াকে বলেন, আমি চালককে দেখতে পাইনি, শুধু ইঞ্জিনের গর্জন শুনেছি। ফুড ট্রাক থেকে বাইরে এসে দেখি, রাস্তাজুড়ে শুধু লাশ আর আহত মানুষ। গাড়িটি পুরো ব্লক জুড়ে সোজা এগিয়ে গেছে, মাঝখান দিয়েই।
ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, আজকের লাপু লাপু দিবসের অনুষ্ঠানে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনায় আমি হতভম্ব ও গভীরভাবে শোকাহত। এই উৎসবটি ষোড়শ শতাব্দীর ফিলিপিনো উপনিবেশবিরোধী নেতা লাপু লাপুর স্মরণে আয়োজিত হয়েছিল।
মেয়র সিম আরও বলেন, আমাদের চিন্তা ও সহানুভূতি সকল ক্ষতিগ্রস্তের প্রতি রয়েছে এবং বিশেষ করে ভ্যাঙ্কুভারের ফিলিপিনো কমিউনিটির সঙ্গে রয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, তিনি এই মর্মান্তিক ঘটনার খবর শুনে “ভীষণভাবে মর্মাহত” হয়েছেন।
তিনি বলেন, নিহত ও আহতদের পরিবার, ফিলিপিনো-কানাডিয়ান সম্প্রদায় এবং পুরো ভ্যাঙ্কুভারের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা। আমরা সবাই আপনাদের শোকে শামিল।
কানাডিয়ান এই প্রধানমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকার ঘটনাটির তদন্ত প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, কানাডায় আগামী ২৯ এপ্রিল ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা বজায় রেখে দেশটি।