।।বিকে রিপোর্ট।।
দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার ৮ নভেম্বর সকাল ৯টা ৪৫ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান। এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান।
পরে জেলা সার্কিট হাউজে প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এর আগে সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপটারযোগে পাবনার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপটারযোগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। একই দিন ১১টায় আরিফপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত এবং পরে রাষ্ট্রপতির নিজ বাসভবনে অবস্থান, নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।
আজ সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। সফরের শেষ দিন আগামীকাল রবিবার সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো পাবনায় আসলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এ পর্যন্ত চারবার জন্মস্থান পাবনা সফর করেন তিনি।