Breaking News:


শিরোনাম :

আজ ব্যাংক হলিডে : বন্ধ থাকবে লেনদেন

  • ১০:১৭ এএম, মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
দেশে আজ ‘ব্যাংক হলিডে’ পালিত হবে। ব্যাংক হলিডে উপলক্ষ্যে আজ দেশের ব্যাংকগুলোতে লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে শেয়ারবাজারের লেনদেনও স্থগিত থাকবে।

মঙ্গলবার ১ জুলাই সারাদেশে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

তবে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাব-সংক্রান্ত কাজের জন্য বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও জরুরি কিছু শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাইকে অর্ধবার্ষিক সমাপ্তি হিসেবে বিবেচনা করে ব্যাংক খাত। বছরের প্রথম ছয় মাসের হিসাব মিলিয়ে ব্যাংকগুলো অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে এদিন। এই জটিল এবং সময়সাপেক্ষ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ১ জুলাইকে ব্যাংক হলিডে হিসেবে ঘোষণা করা হয়।

এ কারণে, এদিন কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম থেকে নগদ উত্তোলন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ অন্য সব ধরনের লেনদেন।

বাংলাদেশ ব্যাংক এবং বাছাই করা কিছু বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকলেও সেগুলোতে কেবল অভ্যন্তরীণ হিসাবরক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। গ্রাহকসেবা এই দিন বন্ধ থাকবে।

ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারও এদিন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। কারণ, শেয়ারবাজারের বেশিরভাগ লেনদেনই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়, ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারেও লেনদেন সম্ভব হয় না।

উল্লেখ্য, প্রতিবছর ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব গুছিয়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। তাই ওই দিনটিও ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech