।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লাগার ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন।
রবিবার ২ আগস্ট দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ফেরিটিতে মোট ২৭১ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সমুদ্রে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ফেরিটি পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের উদ্দেশে যাত্রা করেছিল। সংস্থাটির তথ্য অনুযায়ী, রবিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, লাইফজ্যাকেট পরা বিপুলসংখ্যক মানুষ একটি উদ্ধারকারী নৌকায় আশ্রয় নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্যান্য ফুটেজে দেখা যায়, আগুন ও ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যাওয়া ফেরিটির ওপরের অংশ থেকে যাত্রীরা নিচে নেমে আসার চেষ্টা করছেন।
বাসারনাসের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় সকাল ০৮ টা ২৪ মিনিটের দিকে সুরাবায়ার তল্লাশি ও উদ্ধার অফিস থেকে তারা ফেরিটিতে আগুন লাগার খবর পায়। ওই সময় বলা হয়, কেএমপি মুতিয়ারা সেন্টোসা-২ নামের যাত্রীবাহী ওই ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাসারনাস বলেছে, শিপিং কোম্পানি সকাল ০৬ টা থেকে ০৭ টার মাঝে ফেরিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে।
ফেরিটি প্রায় পুরোটাই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। উদ্ধারের অপেক্ষায় থাকা অবস্থায় যাত্রীরা জাহাজের ব্রিজ ও সামনের অংশ আঁকড়ে ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন।
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার। উদ্ধার কাজ দ্রুত ও নিরাপদে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
তবে কী কারণে ফেরিটিতে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, মাদুরা দ্বীপটি জাভা দ্বীপের উত্তর-পূর্ব উপকূলের কাছে অবস্থিত। ১৭ হাজারের বেশি দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় চলাচলের জন্য ফেরি অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। তবে প্রায়ই দেশটিতে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে।
সূত্র: এএফপি, রয়টার্স।