।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জে আবারও হামলার ঘটনা ঘটেছে। এর আগে যুদ্ধের প্রথম সপ্তাহেই স্থাপনাটিতে আঘাত হানা হয়েছিল।
শনিবার ২১ মার্চ ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, নাতাঞ্জে অবস্থিত শহীদ আহমাদি রোশন সমৃদ্ধকরণ স্থাপনাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপরাধমূলক হামলার’ অংশ হিসেবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত দেশটির ‘অ্যাটোমিক এনার্জি অর্গানাইজেশনের’ (এইওআই) এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে এ হামলার পর তেজস্ক্রিয় দূষণ সংক্রান্ত ‘প্রযুক্তিগত ও বিশেষজ্ঞ মূল্যায়ন’ সম্পন্ন করা হয়েছে। তাতে দেখা গেছে, তেজস্ক্রিয়তা সম্পর্কিত কোনো লিকেজ বা নিঃসরণ ঘটেনি। নাতাঞ্জের আশেপাশের এলাকায় বাসিন্দাদের জন্য বিপদের মত কিছু নেই।
এইওআই এ ঘটনার নিন্দা জানিয়ে বলছে, এটি পারমাণবিক অস্ত্র বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি এবং পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত অন্যান্য নীতিমালার লঙ্ঘন।
এর আগে গত ১ মার্চ নাতাঞ্জে হামলা চালানো হয়। দুদিন পর এইওআই জানায়, হামলার ফলে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার রেকর্ড পাওয়া যায়নি।
এর আগে ২০২৫ সালের জুনে নাতাঞ্জ, ফর্দো ও ইস্ফাহানে বোমা ফেলে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ওই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করে দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি