।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের আকাশসীমায় বিধ্বস্ত হওয়া মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, ভয়াবহ সংঘর্ষের পর তাকে উদ্ধার করা হয়েছে।
রবিবার ৫ এপ্রিল আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন কর্মকর্তা জানান, ‘প্রচণ্ড গোলাগুলির’ পর বিধ্বস্ত এফ-১৫ই বিমানটির দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে অভিযান এখনো চলমান রয়েছে।
আল জাজিরাকে দেওয়া তথ্যে ওই কর্মকর্তা জানান, নিখোঁজ মার্কিন বিমান সদস্যকে উদ্ধার করা হয়েছে, তবে তিনি এখনো পুরোপুরি নিরাপদ নন। উদ্ধারকারী দলকে এখন সফলভাবে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে।
বর্তমানে মার্কিন বিশেষ বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের ‘এক্সফিল্ট্রেশন’ বা নিরাপদ প্রত্যাবর্তনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তবে পুরো এলাকা জুড়ে এখনো তীব্র উত্তেজনা ও লড়াই চলছে বলে জানা গেছে।
এদিকে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, বিমানটি ভূপাতিত করতে পারলেও এর পাইলট নিরাপদ বের হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে মার্কিন স্পেশাল ফোর্স। অভিযোগ উঠেছে, ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে হত্যা করতে হামলার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
এক সাক্ষাৎকারে ওই সূত্র জানায়, দুই দিন আগে ইরানি বাহিনী একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে এখন তাকে হত্যা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
সূত্রটির দাবি, সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের বিভিন্ন স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। তাদের ধারণা ছিল, পাইলট ওই এলাকায় অবস্থান করছিলেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্র তাদের আরেকজন ফ্লাইট ক্রু সদস্যকেও খুঁজছে বলে দাবি করা হয়। ওই ব্যক্তিকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়ে তাকে হত্যা করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়েছে।
সামরিক সূত্র অনুযায়ী, এফ-১৫ই যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর দুই ক্রু সদস্য প্যারাস্যুটে অবতরণ করেন। এর মধ্যে একজনক উদ্ধার হলেও অন্যজনকে খুঁজে পেতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত তৎপরতা শুরু হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় একাধিক হেলিকপ্টার ও রিফুয়েলিং বিমান।
অভিযানের সময় ইরানি বাহিনীর গুলিতে দুটি হেলিকপ্টারই আঘাতপ্রাপ্ত হয়। এর মধ্যে একটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও শেষ পর্যন্ত উভয় হেলিকপ্টারই নিরাপদে ইরাকে ফিরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর দ্য টেলিগ্রাফের।
এদিকে নিখোঁজ পাইলটের খোঁজে ইরানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে স্থানীয় মিলিশিয়াদের উদ্দেশে ঘোষণা করা হয়, তাকে জীবিত আটক করতে পারলে পুরস্কার দেওয়া হবে।
এর আগে এ-১০ থান্ডারবোল্ট-২ যুদ্ধবিমানটি হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ওই বিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র