।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
কানাডার আলবার্টার একটি সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন লেগেছে। ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তীব্র বাতাসের কারণে আগুন সামরিক ঘাঁটির সীমানা ছাড়িয়ে বাইরের লোকালয়েও ছড়িয়ে পড়েছে।
শনিবার ১৭ অক্টোবর (স্থানীয় সময়) রাতে কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন।
আলবার্টার এই সেনাঘাঁটি দেশটির অন্যতম ব্যস্ততম সামরিক ঘাঁটি।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি এক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে বলেন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি সেখানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।
তিনি পরিস্থিতিকে ‘অত্যন্ত নাজুক’ আখ্যা দিয়ে জানিয়েছেন, জরুরি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সশস্ত্র বাহিনী। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
আলবার্টার প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত ওয়াইনরাইট শহর। সেখানকার সেনাঘাঁটিতে কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার এবং থার্ড কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার অবস্থিত। এছাড়া এডমন্ডের আর্মি ফিল্ড ফোর্স ইউনিটের ট্রেনিং গ্রাউন্ড হিসেবেও ব্যবহৃত হয় এ ঘাঁটি।
প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, গুরুতর ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর মতো তিনিও জানাননি কীভাবে আগুন লেগেছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, বিকাল ৪টার দিকে ঘাঁটি থেকে তাদের কাছে সহায়তা চাওয়া হয়।
আগুন লাগলেও ওই শহরের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এলাকাটি এড়িয়ে চলা, সড়ক খোলা রাখা এবং ওয়াইনরাইটের স্বাস্থ্যকেন্দ্র খুব বেশি প্রয়োজন না হলে না যাওয়ার অনুরোধ করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান,