Breaking News:


কৃষ্ণসাগরে রাশিয়ার ২ অয়েল ট্যাঙ্কারে ইউক্রেনের হামলা : বাংলাদেশী সহ ২৫ নাবিক উদ্ধার

  • ১২:৪৬ পিএম, রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
কৃষ্ণ সাগরে রাশিয়ার দু’টি অয়েল ট্যাংকার জাহাজ উড়িয়ে দিয়েছে ইউক্রেনের নৌবাহিনী।

শনিবার ২৯ নভেম্বর নাভাল ড্রোন ব্যবহার করে ‘কাইরোস’ এবং ‘ভিরাট’ নামের জাহাজ দু’টি ধ্বংস করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন ইউক্রেনীয় নৌবাহিনীর এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা আরও বলেছেন, জ্বালানি তেল বিক্রির মাধ্যমে ইউক্রেন যুদ্ধের জন্য অর্থের সংস্থান করছে মস্কো। তাই দীর্ঘদিন ধরেই রাশিয়ার জ্বালানি তেল এবং জ্বালানি ব্যবসার অবকাঠামো লক্ষ্য করে দীর্ঘদিন ধরে হামলা পরিচালনা করছে ইউক্রেনীয় বাহিনী। এর অংশ হিসেবেই নাভাল ড্রোন দিয়ে ধ্বংস করা হয়েছে ‘কাইরোস’ এবং ‘ভিরাট’-কে।

ট্যাংকার জাহাজ দুটি অবশ্য খালি ছিল। তেল বোঝাই করে বিদেশযাত্রার জন্য কৃষ্ণ সাগরের তীরবর্তী নভোঅরাসিয়াস্ক শহরের দিকে যাছিল কাইরোস এবং ভিরাট। যাত্রাপথেই নাভাল ড্রোন হামলার শিকার হয় জাহাজ দু’টি।

ক্রুড অয়েল ভরার জন্য মিশরের সুয়েজ বন্দর থেকে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর নভোরোসিস্ক যাচ্ছিল ২৭৫ মিটার লম্বা চীনা জাহাজ ‘এমটি কায়রোস’। কৃঞ্চ সাগর অতিক্রম করার সময় তুরস্কের জলসীমায় ইউক্রেইনের ‘ড্রোন বোট’ থেকে ক্ষেপণাস্ত্র আক্রমণের শিকার হয় জাহাজটি।

তুরস্কের কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার করে আগুন লাগা জাহাজের ২৫ নাবিককে। তাদের মধ্যে আছেন চার বাংলাদেশিও। জাহাজটির ২৫ নাবিক সুস্থ থাকলেও হামলার ‘ঘোর’ কাটছেই না তাদের। খবর বিডি নিউজের।

অন্য নাবিকদের মধ্যে চীনের ১৯ জন এবং মিয়ানমার ও ইন্দোনেশিয়ার একজন করে আছেন। ওই জাহাজ থেকে উদ্ধার হওয়া চার বাংলাদেশি হলেন, চতুর্থ প্রকৌশলী মাহফুজুল ইসলাম, অয়েলার হাবিবুর রহমান, পাম্প ম্যান আসগর হোসাইন ও ডেক ক্যাডেট আল আমিন হোসেন।

কায়রোসের ২৫ নাবিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তুরস্কের ইজমিত শহরে দেশটির কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন। শনিবার রাতে কথা হয় বাংলাদেশি নাবিক প্রকৌশলী মাহফুজুল হকের সাথে।

ঘটনার বর্ণনায় তিনি বলেন, আমরা মিশরের পোর্ট সুয়েজ থেকে খালি জাহাজ নিয়ে রাশিয়ার নভোরোসিস্ক বন্দরে যাচ্ছিলাম। বসফরাস প্রণালি পার হয়ে শুক্রবার কৃঞ্চ সাগর (ব্ল্যাক সি) অতিক্রম করছিলাম। তুরস্কের জলসীমায় কৃঞ্চ সাগরে ২৮ থেকে ৩০ নটিক্যাল মাইল দূরত্ব অতিক্রম করার পর স্থানীয় সময় বিকাল পৌনে ৫টা থেকে ৪টা ৫০ মিনিটের মধ্যে মিসাইল আক্রমণ করে।

‘প্রথমটি জাহাজের প্রপেলারে গিয়ে আঘাত করে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়। ১০ মিনিট পরেই আরেকটি মিসাইল আক্রমণ হয়। সেটি জাহাজের ইঞ্জিন কক্ষের ফুয়েল ট্যাংকারে আঘাত হানার পর আগুন ধরে বিস্ফোরণ ঘটে। আগুন লাগার এক ঘণ্টার মধ্যে জাহাজের ক্যাপ্টেন তুরস্কের কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করে সাহায্য প্রার্থনা করেন। দুই ঘণ্টা পর কোস্ট গার্ডের সদস্যরা আমাদের উদ্ধার করে কাছাকাছি ইজমিত শহরে নিয়ে যান।

প্রকৌশলী মাহফুজুল বলেন, আমাদের সবাইকেই শহরের একটি হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এখন আমরা সকলেই তুরস্কের কোস্ট গার্ডের সদস্যদের হেফাজতে সেই শহরেই আছি পরবর্তী নির্দেশের জন্য।

জাহাজটি রাশিয়ার ক্রুড অয়েল বিভিন্ন দেশে পৌঁছানোর কাজ করতো বলে যুদ্ধরত ইউক্রেইন এ মামলা চালিয়েছে বলে বাংলাদেশি নাবিকেরা জেনেছেন। রাশিয়া থকে ক্রুড অয়েল বোঝাইয়ের পর জাহাজটির পরবর্তী গন্তব্য ছিল চীন অথবা ভারত।

রয়টার্স লিখেছে, কায়রোস ছাড়াও বিরাট বলে একটি ট্যাঙ্কারে নৌ-ড্রোন আঘাত হানার কথা জানিয়েছেন ইউক্রেইনের এক কর্মকর্তা।

কৃষ্ণসাগরে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল এই নভরোসিয়েস্ক বন্দর। ওই কর্মকর্তার পাঠানো ভিডিওতে দেখা গেছে, নৌ-ড্রোনগুলো দ্রুত গতিতে বিশাল ট্যাঙ্কারগুলোর দিকে এগিয়ে যাচ্ছে, তারপর শক্তিশালী বিস্ফোরণে জাহাজগুলোতে আগুন ধরে যায়।

পরিচয় না প্রকাশ করা শর্তে ওই গোয়েন্দা কর্মকর্তা এক লিখিত বিবৃতিতে বলেছেন, ভিডিওতে দেখা গেছে, আঘাত লাগার পর দুটি ট্যাঙ্কারই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো কার্যত ব্যবহার অযোগ্য হয়ে গেছে। এতে রাশিয়ার তেল পরিবহনে উল্লেখযোগ্য ধাক্কা লাগবে।
কাইরোস এবং ভিরাট— উভয়ের নাম যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার তালিকায় আছে। হামলার প কৃষ্ণ সাগরের তীরবর্তী অপর দেশ তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলার পর দুই ট্যাংকার জাহাজের ক্রুদের উদ্ধার করে সরিয়ে নিয়েছে তুর্কি কোস্টগার্ড বাহিনী।

এই হামলায় কৃষ্ণ সাগরের বাণিজ্যিক জাহাজ চলাচল পথে নতুন ঝুঁকি সৃষ্টি হয়েছে হয়েছে বলে উদ্বেগ জানিয়েছে তুরস্কের পরিবহন মন্ত্রণালয়। রাশিয়ার প্রতিবেশী কাজাখস্তানও এ হামলার নিন্দা জানিয়েছে।

এ হামলার বিষয়ে এখন পর্যন্ত রাশিয়া প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কারও সঙ্গে যোগাযোগ হয়নি দাবি করে মাহফুজুল বলেন, ‘আমাদের সাথে পাসপোর্ট রয়েছে, তেমন কিছু হওয়ার কথা না। তার পরও আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হবে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন বলন, ‘ব্ল্যাক সিতে একটি জাহাজে মিসাইল হামলা হয়। ওই জাহাজের ২৫ নাবিকের মধ্যে চারজন বাংলাদেশি। তাদের উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসাও দেওয়া হয়েছে। আমরা তাদের নিয়মিত খোঁজ রাখছি।’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech