।।বিকে ডেস্ক রিপোর্ট।।
গোপালগঞ্জে জারি করা কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শনিবার ১৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত এ কারফিউ বহাল থাকবে।
শুক্রবার ১৮ জুলাই গোপালগঞ্জ জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, চলমান কারফিউ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে, বৃহস্পতিবার কারফিউর সময় বাড়িয়ে শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত করা হয়েছিল। পরে দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও, ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা চলমান রাখার কথা বলা হয়। তবে শুক্রবার সন্ধ্যা থেকে নতুন করে কারফিউর সময় নির্ধারণ করা হলো।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর আওয়ামী লীগ- ছাত্রলীগের হামলার পর সৃষ্ট সহিংসতা মোকাবিলায় জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে।
গত বুধবার রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ শুরু হয়। চলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের আয়োজিত সংবাদ সম্মেলন করে কারফিউম আরও ২৪ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ করা হয়।