।।বিকে রিপোর্ট।।
অবশেষে টানা তিন দিন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার রাস্তায় অবস্থান কর্মসূচির পর শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি মেনে নিয়েছে সরকার।
আগামী সাত দিনের মধ্যে এসব বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘোষণার পর অনশন ভেঙেছেন জবি শিক্ষক-শিক্ষার্থীরা।
শুক্রবার ১৬ মে সন্ধ্যায় পানি পান করিয়ে জবি শিক্ষক-শিক্ষার্থীদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের উপস্থিতিতে এ ঘোষণা দেন জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
উপাচার্য বলেন, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিচালন ব্যায় পরদ বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে; বাজেট বরাদ্দ বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে; একইসঙ্গে আবাসন সংকট নিরসনে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে; দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে অতি দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড এস এম এ ফায়েজ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবে ইউজিসি।’
তিনি আরও বলেন, আমরা সারা দিন এটা নিয়ে কাজ করেছি। ইউজিসি একটি পরিবার হিসেবে সবাই মিলে সমাধান করতে পারব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি একসঙ্গে বসে সব সমাধান করব। আপনাদের সব দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি।
এসময় ইউজিসি চেয়ারম্যান দাবি আদায়ের জন্য গণঅনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, আমাদের চতুর্থ দাবি ছিল আমাদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
হামলার ঘটনায় পুলিশ দুঃখ প্রকাশ করেছে। এ ছাড়া সাত দিনের মধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ ছাড়া সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে।