।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
রবিবার ২৮ ডিসেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।
অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আর কুয়াশাচ্ছন্ন এই পরিস্থিতিতে শীতের অনুভূতিও অব্যাহত থাকবে।

অন্যদিকে বেসরকারী আবহাওয়া ওয়েবসাইট আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার সর্বশেষ স্ট্যাটাসে জানিয়েছে, আজ রবিবার সকাল ৬ টার সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের ৫৮ টি জেলার সকল উপজেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।
শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের ৩ টি জেলা এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার ২/১ টি উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।
দেশের বেশিভাগ জেলার উপরে সকাল ১০ টার পূর্বে সূর্যের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। অর্ধেকের বেশি জেলার উপরে সূর্যের আলো দেখার জন্য দুপুর ১২ টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।