।।বিকে রিপোর্ট।।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
শনিবার ২২ নভেম্বর সকাল সোয়া ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেই সঙ্গে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
বৈঠক শেষে তোবগেকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।
এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন। সেখানে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।
দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে তোবগের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্পসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে।
সন্ধ্যায় তিনি তাঁর সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন। সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফর শেষে আগামী সোমবার সকালে তিনি থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সূত্র-বাসস।