Breaking News:


ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা: কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে

  • ১১:০৫ এএম, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে তাপমাত্রার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার ২৬ সেপ্টেস্বর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

তবে দিনের তাপমাত্রা সাধারণত সামান্য কমে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে, গতকাল প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech