।।বিকে রিপোর্ট।।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন জমার শেষ দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার ২৯ ডিসেম্বর বেলা ১১টা ৪০ মিনিটে সেগুনবাগিচায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচনী সমন্বয়কারী আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার এবং আমিনুল হকসহ মোট পাঁচজন সদস্য।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি।
দীর্ঘ ১৭ বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের বাইরে রাখা হয়েছে। তাকে অত্যাচার-নিপীড়ন করা হয়েছে। আমরা আপনাদের সবার কাছে তার জন্য দোয়া চাই।
ঢাকা-১৭ আসনে আগেও উনারা ভোটার ছিলেন, বাসা ক্যান্টনমেন্টে ছিল। এ এলাকার প্রতি আলাদা একটা টান রয়েছে। শেষ মুহুর্তে সবার অনুরোধে প্রার্থী হয়েছেন। আগামী নির্বাচনে আমরা বিশ্বাস করি, উনি এ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন এবং দেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে দেশের যে আজকে একটা ক্রাইসিস, সংকট চলছে, সেটা থেকে উত্তরণ ঘটাতে সচেষ্ট হবেন।
ঢাকা-১৭ ছাড়াও ইতোমধ্যে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
এবার তিন সহস্রাধিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থীর স্বাক্ষরসহ মনোনয়নপত্র প্রার্থী বা প্রস্তাবক, সমর্থক উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হবে; একই দিন গণভোটও রয়েছে।
মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর, মনোনয়ন পত্র বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ: ৫-৯ জানুয়ারি ২০২৬ (১৮ ডিসেম্বর সংশোধিত), কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তি: ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬ (১৮ ডিসেম্বর সংশোধিত)
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৬
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা
মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে ৫ জনের বেশি লোকের সমাগম থেকে বিরত থাকতে এবং মিছিল ও শোডাউন না করার জন্য নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তারা; তবে তা ‘উপেক্ষিতও হচ্ছে’।