Breaking News:


ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বাহিনীর বর্বর গুলিবর্ষন- নিহত ৬৭

  • ১২:০৭ পিএম, সোমবার, ২১ জুলাই, ২০২৫
ছবি: আল জাজিরা/সিএনএন

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
গাজার উত্তরে জাতিসংঘের ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরাইলি বাহিনী গুলির্বর্ষণে অন্তত ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) দাবি, ইসরায়েলি সীমান্ত অতিক্রম করে গাজায় প্রবেশ করা তাদের ২৫টি ট্রাকের বহর ক্ষুধার্ত মানুষের ভিড়ের মধ্যে পড়ে। এ সময় বেসামরিক জনগণকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

গাজা শহর থেকে এএফপি জানায়, বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ইসরাইলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে ত্রাণের জন্য অপেক্ষায় থাকা বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে। এতে এখন পর্যন্ত ৬৭ জন নিহত এবং ডজনখানেক আহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ‘তাৎক্ষণিক হুমকি’ মোকাবেলায় ‘সতর্কতামূলক গুলি’ ছুড়েছিল। নিহতের সংখ্যা নিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের প্রতি আপত্তি জানিয়েছে আইডিএফ।

এদিন গাজার অন্যত্র ত্রাণের জন্য অপেক্ষমাণ আরও ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক, যাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। শুধুমাত্র রবিবারই গাজায় ইসরায়েলি গুলি ও বিমান হামলায় ৮৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উত্তর গাজার আহতদের বেশিরভাগকেই নেয়া হয় শিফা হাসপাতালে। হাসপাতালটির পরিচালক ড. হাসান আল-শায়ের বলেন, হাসপাতালের সক্ষমতা সীমা ছাড়িয়ে গেছে, আমরা অনেককে ফিল্ড হাসপাতালে পাঠাতে বাধ্য হচ্ছি।”

হাসপাতালের বাইরে এক নারী বিবিসিকে বলেন, পুরো জনগোষ্ঠী ধ্বংস হয়ে যাচ্ছে। শিশুরা খাওয়ার কিছু না পেয়ে মারা যাচ্ছে। মানুষ এখন শুধু লবণ আর পানি খেয়ে বেঁচে আছে।

চলতি বছরের মে মাস থেকে প্রতিদিনই গাজায় ত্রাণ নিতে গিয়ে ফিলিস্তিনিদের হামলার শিকার হতে হচ্ছে। শনিবার দক্ষিণ গাজার দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন অন্তত ৩২ জন।

এদিকে গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরের বাসিন্দা ও শরণার্থীদের যত দ্রুত সম্ভব আল-মাওয়াসির উপকূলে সরে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। অথচ এই এলাকায় আইডিএফ কখনোই স্থল অভিযান চালায়নি।

এ ঘটনায় ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech