।।বিকে রিপোর্ট।।
দিনাজপুর-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ ১৫ জন আহত হয়েছেন।
রবিবার ২৪ আগস্ট ভোরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফারুক হাসান দুর্ঘটনার পর ফেসবুক লাইভে এসে জানান, ভোরে তাদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি জলাশয়ে পড়ে যায়। এতে প্রায় সব যাত্রী কমবেশি আহত হন। তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।
তিনি লাইভে বলেন, আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হেরিটেজ পরিবহনের একটি রাত্রিকালীন যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দেশ্যে আসছিল। বাসটি দ্রুতগামী ছিল। ভোরের দিকে ওই মহাসড়কে দিনাজপুরের আমবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশের জলাশয়ে খাদে পড়ে যায়।
এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে কমবেশি ১৫জন আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কয়েকজন যাত্রী চলে গেলেও ৬ জন আহত যাত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এসময় যাত্রীরা জানান, বাসের চালক ঘুমন্ত অবস্থায় স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান জানান, ওই বাসের যাত্রী ছিলেন ১৫জন। সবাই কমবেশি আহত হয়েছেন। গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ ১৫ জন কমবেশি আহত হলেও কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফুলবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই আমরা। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করেছে।
আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান বলেন, সবাই কমবেশি আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।