Breaking News:


শিরোনাম :

পাঁচ দিনের সফরে যুক্তরাজ্যের বাণিজ্য দূত ঢাকায়

  • ০৩:৫৫ পিএম, রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন।

রবিবার ৫ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যারোনেস উইন্টারটনের ঢাকায় পৌঁছানোর তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।  

বিজ্ঞপ্তিতে ব্রিটিশ হাইকমিশন জানায়, সফরকালে ব্যারোনেস উইন্টারটনের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। যুক্তরাজ্য-বাংলাদেশ অর্থনৈতিক সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন, যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রতিনিধিরা। এসব বৈঠকে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির অংশীদার হিসেবে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হবে।

ব্রিটিশ হাইকমিশন আরও জানায়, ঢাকা ছাড়াও চট্টগ্রামে অবস্থানকালে বাণিজ্য দূত বিমান চলাচল, উচ্চশিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি ও প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে যুক্তরাজ্য সংশ্লিষ্ট বিনিয়োগ প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করবেন, যেখানে এসব বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি, সরবরাহ শৃঙ্খল শক্তিশালীকরণ এবং উভয় দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি আনছে।

এ সফরে যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের গুরুত্বও তুলে ধরা হবে। এই বাণিজ্য সুবিধা কর্মসূচির আওতায় ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশের পণ্য যুক্তরাজ্যের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, যা এলডিসি থেকে উত্তরণের সময় দেশের রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতে সহায়তা করবে।

এ ছাড়া, তিনি ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, যুক্তরাজ্যের উন্নয়ন অর্থায়ন সংস্থা ও তাদের স্থানীয় অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে সবুজ অর্থায়ন ও টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাজ্যের ভূমিকা গুরুত্ব পাবে।

ব্যারোনেস উইন্টারটন বলেন, বাংলাদেশের অসাধারণ উন্নয়ন যাত্রাকে যুক্তরাজ্য গভীর আগ্রহ নিয়ে অনুসরণ করছে। আমি এখানে এসেছি নতুন বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে বের করতে এবং পারস্পরিক সমৃদ্ধির সুযোগ বাড়াতে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ছয় মাসের ব্যবধানে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের দ্বিতীয় সফর প্রমাণ করে, বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে যুক্তরাজ্যের অঙ্গীকার কতটা দৃঢ়। দুই দেশের বাণিজ্য সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech