।।বিকে রিপোর্ট।।
আজকের আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে।
শনিবার ১১ অক্টোবর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা সাধারণত সামান্য কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৫৫ মিনিটে।
গতকাল শুক্রবার ১০ অক্টোবর সন্ধ্যা থেকে আগামী কয়েক দিনের পূর্বাভাসে বলা হয়, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে।
প্রথম দিন, অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এসময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাকি অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৪ ও ১৫ অক্টোবরেও একই ধারা অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।