Breaking News:


বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানো সহজ করতে জাতীয় কমিটির সংস্কার চূড়ান্ত

  • ১০:৫৭ এএম, বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা বা শেয়ার বিক্রির অর্থ দ্রুত ও ঝামেলামুক্তভাবে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করতে জাতীয় কমিটি একটি পূর্ণাঙ্গ সংস্কার সুপারিশ চূড়ান্ত করেছে।

মঙ্গলবার বিডার নির্বাহী সদস্য ও কমিটির প্রধান নাহিয়ান রহমান রোচি এই সুপারিশগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার নির্বাহী চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যে জটিলতা ও বিলম্ব রয়েছে তা দূর করে একটি আধুনিক ব্যবস্থা তৈরি করতে বাংলাদেশ ব্যাংক এবং বিডার নির্দেশে কমিটি গঠন করা হয়।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা, বাংলাদেশ ব্যাংক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই কমিটি দীর্ঘদিন ধরেই কারিগরি আলোচনা চালায়। পরে বিশেষজ্ঞ, ব্যাংকার, আইনজীবী ও মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলোর মতামত নিয়ে চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করা হয়।

জাতীয় কমিটির সুপারিশে বলা হয়েছে, ব্যাংকগুলোকে আরো বেশি দায়িত্ব দিতে হবে যাতে তারা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বেশির ভাগ আবেদন নিষ্পত্তি করতে পারে। অর্থ ফেরত পাঠানোর সেবায় সময়সীমা নির্ধারণ করে তা বাধ্যতামূলক করার আহ্বান জানানো হয়েছে। বহু বছর ধরে পরিচালিত কোম্পানিগুলোর ক্ষেত্রে অতিরিক্ত নথির প্রয়োজন কমাতে এবং আন্তর্জাতিকভাবে প্রচলিত মূল্যায়ন মানদণ্ডকে অন্তর্ভুক্ত করে নিয়মকানুন হালনাগাদ করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

জটিল বা মতবিরোধপূর্ণ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য একটি পৃথক পর্যালোচনা কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে, যেখানে ৩০ কার্যদিবসের মধ্যেই সিদ্ধান্ত দেওয়ার কথা বলা হয়েছে।

দ্রুত বিকাশমান ব্যবসা ও নতুন উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা নীতিমালা তৈরি করার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে। দীর্ঘ মেয়াদে একটি জাতীয় মূল্যায়ন সংস্থা গড়ে তোলার প্রস্তাব এসেছে, যাতে মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলোকে সনদ ও অনুমোদন দেওয়া যায়। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও জনবল বৃদ্ধির পরামর্শও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এই সুপারিশগুলো দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি আরো স্পষ্ট করেছে। সময়ক্ষেপণ কমিয়ে স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগে আস্থা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া জাতীয় কমিটি খুব স্বল্প সময়ে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে একটি আধুনিক সংস্কার কাঠামো উপস্থাপন করেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech