।।বিকে ডেস্ক।।
বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেসকের উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর এই দিবসটি পালিত হয়ে আসছে।
এ বছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘স্ট্যান্ডিং উইথ টিচার্স:সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’। দিবসটির মূল লক্ষ্য শিক্ষকদের স্মরণ করা এবং তাঁদের কাজের প্রতি সম্মান জানানো।
সোমবার ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ১০০ জন শিক্ষককে ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান করা হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসবে সম্মানিত শিক্ষকদের প্রত্যেককে নগদ দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হবে।
শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে এ বছর জাতীয় সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জনে উন্নীত করা হয়েছে। দেশের প্রাথমিক, মাধ্যমিক স্তরের (স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি) পর্যায় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যাচাই-বাছাই করে তাঁদের নির্বাচন করা হয়েছে।
এবারের সম্মাননার জন্য প্রাথমিক স্তরে ১০টি, মাধ্যমিক স্তরে ২০টি, কলেজে ২৫টি, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০টি, মেডিক্যাল কলেজে ১০টি, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩টি, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩টি, বিজ্ঞান ও প্রযুক্তি সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪টি এবং প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় ৫টি ক্যাটাগরিতে মোট ১০০ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং ইউজিসি গঠিত পৃথক সার্চ কমিটির প্রস্তুতকৃত প্যানেলের ভিত্তিতে জাতীয় স্টিয়ারিং কমিটি এই গুণী শিক্ষকদের চূড়ান্ত করেছে।