Breaking News:


ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি

  • ১২:৪৪ পিএম, বুধবার, ১ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ২১টি শিশু ভর্তি হয়েছে।

বুধবার ১ মার্চ সকাল ৯টা পর্যন্ত সময়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এসব শিশুকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে মোট ১৪৩টি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৫ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে ৬৪টি শিশু চিকিৎসাধীন রয়েছে, আর অন্যদের সুস্থ হয়ে বাড়ি পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গত সোমবার থেকে হাসপাতালের ৮ তলার কেবিন এলাকায় ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২১টি শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।  

জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ জানান, জনসংখ্যার তুলনায় ময়মনসিংহে যা আক্রান্ত আছে, সেটা ততটা বেশি নয়। হামে আক্রান্ত শিশুদের ৮০ শতাংশই ৯ মাসের নিচে বয়স। তাদের হামের টিকা নেওয়ারই সময় হয়নি এখনো। বাকি শিশুদের মধ্যে ১০ শতাংশ আছে ১ ডোজপ্রাপ্ত এবং বাকি ১০ শতাংশ ২ ডোজপ্রাপ্ত।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেন, ‘গত বছর থেকেই বিভিন্ন ধরনের টিকার সংকট রয়েছে। বর্তমানে হাম ও বিসিজি ছাড়া আর কোনো টিকা নেই। বাকি কোনো টিকাও মজুত নেই। আমরা সেগুলোর চাহিদা পাঠিয়েছি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech