।।বিকে রিপোর্ট।।
জাতীয় স্মৃতিসৌধে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার ২৬ মার্চ ভোর ৫টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতি ও ৬টার দিকে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময়ে তাঁরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েক মিনিট নীরবতা পালন করেন।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানায়। এ সময়ে বিউগলে করুণ সুর বাজানো হয়।
শ্রদ্ধা নিবেদনকালে প্রধান বিচারপতি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধানরা, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা প্রদর্শন বইতে স্বাক্ষর করেন।