।।বিকে ডেস্ক।।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.৭১ শতাংশে দাঁড়িয়েছে।
রবিবার ৫ এপ্রিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ তথ্য জানা যায়।
বিবিএস-এর তথ্যমতে, মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.২৪ শতাংশে, যা আগের মাসে ছিল ৯.৩০ শতাংশ। অন্যদিকে, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়ে মার্চে ৯.০৯ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.০১ শতাংশ।
দেশের গ্রামীণ ও শহরাঞ্চল উভয় ক্ষেত্রেই সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। গ্রামীণ এলাকায় মার্চে পয়েন্ট-টু-পয়েন্ট সার্বিক মূল্যস্ফীতি ৮.৭২ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.২১ শতাংশ।
গ্রামীণ এলাকায় খাদ্য মূল্যস্ফীতি মার্চে কমে ৮.০২ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.০৭ শতাংশ। তবে খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি মার্চে বেড়ে ৯.৩৮ শতাংশে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.৩৪ শতাংশ।
অন্যদিকে, শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ফেব্রুয়ারির ৯ দশমিক ০৭ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৬৮ শতাংশে দাঁড়িয়েছে।
মূল্যস্ফীতি কমার সঙ্গে সঙ্গে সামান্য বেড়েছে খেটে খাইয়া মানুষের মজুরিও। মার্চে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৯ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৮ দশমিক ০৬ শতাংশ।
মজুরি সামান্য বাড়লেও তা এখনও মূল্যস্ফীতির হারের চেয়ে কম। ফলে খেটে খাওয়া মানুষের জন্য এখনও স্বস্তির তথ্য নেই।