মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ১২ যাত্রী আহত

  • ০৯:১০ পিএম, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
মেহেরপুর শহরের ওয়াপদার মোড়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়েছে। এতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার ২১ জুলাই দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের রমজান আলীর ছেলে তাওহিদুর রহমান (৪০), একই গ্রামের মৃত আইয়ুব মল্লিকের ছেলে আরিফুল ইসলাম (৩৬), চাঁদবিল গ্রামের সিদ্দিক শেখের স্ত্রী রেনুয়ারা খাতুন (৫০), আশরাফপুর গ্রামের মিয়ারুল ইসলামের ছেলে মিলন হোসেন (১৮), তারানগর গ্রামের পিন্টু হালসানার স্ত্রী ববিতা খাতুন (৩৮) এবং তার মেয়ে প্রিয়া খাতুন (২০)। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া-জ-০৪-০০৩২ নম্বরের একটি যাত্রীবাহী বাস মেহেরপুর কলেজ মোড় থেকে যাত্রী নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইউ-টার্ন নিয়ে বাসের সামনে চলে আসে। একই সময়ে একটি ইজিবাইকও বাসের সামনে পড়ে যায়। এ অবস্থায় বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের খাদে বাসটি উল্টে ফেলেন।

দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি উদ্ধারের কাজ শুরু করে। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দলও উদ্ধার কার্যক্রমে সহায়তা করে।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech