Breaking News:


যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ভয়াবহ বিমান হামলা: নিহত ২৮

  • ১১:১৫ এএম, বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত, ফাইল ফটো

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।

বুধবার ১৯ নভেম্বর (স্থানীয় সময়) উপত্যকাজুড়ে অবরুদ্ধ গাজা উপত্যকার একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

নেতানিয়াহু বাহিনীর এসব হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত ও ৭৭ জন আহত হয়েছেন। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজা সিটি থেকে আল জাজিরার হানি মাহমুদ জানান, অন্তত তিনটি এলাকায় ইসরাইল হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসি অঞ্চল, গাজা সিটির পূর্বাংশের শুজাইয়া এলাকার এক ব্যস্ত এলাকা যেখানে অনেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল এবং জেইতুন পাড়ার একটি ভবন।

তিনি বলেন, জেইতুনের ওই ভবনে হামলায় একই পরিবারের সবাইসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এসব হামলায় গাজাজুড়ে আতঙ্ক আরও বেড়েছে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এছাড়া খান ইউনিসের কাছের মাওয়াসিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সবমিলিয়ে নতুন হামলায় এখন পর্যন্ত ৯ জন প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাদের সেনাদের ওপর আজ হামলা হয়েছে। এরপর এর জবাবে বিমান হামলা হয়েছে। যদিও এ হামলায় কোনো সেনা হতাহত হয়নি। হামলার ব্যাপারে দখলদাররা কোনো প্রমাণ এখনো দেয়নি। ইসরায়েলি বাহিনীর অভিযোগ, ফিলিস্তিনিদের চলাচল অনুমোদিত ইয়েলো লাইন অতিক্রম করায় হামলা চালায় সেনারা।

এরআগে লেবাননের একাধিক জায়গায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বুধবার দক্ষিণাঞ্চলের দেঈর কিফা এবং চেহোর গ্রামে বিমান থেকে বোমাবর্ষণ করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

এই হামলার আধা ঘণ্টা আগে সতর্কতা দিয়েছিল ইসরায়েল। তারা বলেছিল, এসব জায়গায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

তবে আদৌ হিজবুল্লাহর অবকাঠামোর ওপর হামলা চালানো হয়েছে কি না এ নিয়ে সন্দেহ আছে।

গত মাসে সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর অন্তত দুইবার তারা সাধারণ মানুষের ওপর বড় হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি চললেও এখন পর্যন্ত প্রায় ৩০০ মানুষকে হত্যা করেছে তারা।

আল জাজিরার প্রতিনিধি জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজার বাসিন্দারা প্রতিদিনই ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। যুদ্ধ এখনও চলছে এবং চলমান সহিংসতার মধ্যেই ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছেন।

ইসরায়েলি হামলার আতংকের মাঝে মড়ার উপর খাড়ার ঘাঁ হয়ে দেখা দিয়েছে তীব্র ঠান্ডা। আশ্রয় শিবির ও এর আশপাশে শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছেন অস্থায়ী ঘর ও তাঁবুতে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ভেজা স্যাতস্যাতে পরিবেশে বসবাস করছে উপত্যকার প্রায় দুই তৃতীয়াংশ শিশু। এতে তাদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech