।।বিকে ডেস্ক।।
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো- বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি ছিলেন একাধারে একজন বলিষ্ঠ সংগঠক ও রাজনীতিবিদ। এলাকার উন্নয়নে তার যথেষ্ট অবদান রয়েছে।
মঙ্গলবার ১৩ অক্টোবর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালাহউদ্দিন আহমেদের মৃত্যুবরণ করেন।
তার মরদেহ হাসপাতাল থেকে শ্যামপুরের বাসায় নেওয়া হলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সেখানে যান রিজভী।
এ সময় সাংবাদিকদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক, রাজনীতিতে শূন্যতা তৈরি হলো। তার মতো একজন বলিষ্ঠ সংগঠক ও রাজনীতিবিদ এই এলাকা থেকে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। তিনি সংসদে এলাকার উন্নয়নের জন্য সোচ্চার ছিলেন। এই এলাকার উন্নয়নে তার যথেষ্ট অবদান রয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রেও তার যথেষ্ট অবদান রয়েছে।’
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে রিজভী বলেন, ‘তিনি যে খুব বার্ধক্যে পৌঁছেছিলেন, তা-ও নয়। দীর্ঘদিন স্বৈরাচারের নির্যাতনে অসুস্থ হয়ে তিনি আজ পৃথিবী থেকে বিদায় নিলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে শুধু তার পরিবার নয়, বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সমর্থক ও পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার আহ্বান জানাব। আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মী মরহুম সালাহউদ্দিন আহমেদকে শেষবারের মতো দেখতে তার বাসায় যান।