শিরোনাম :

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় গভীর রাতে ফিরেছেন খালেদা জিয়া

  • ১০:৩৪ এএম, বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গভীর রাতে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার ২৩ জুলাই দিবাগত রাত ২টা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান।

এর আগে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ২টা ২৬ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের তত্ত্বাবধানে কিছু মেডিকেল পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। খালেদা জিয়া বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন।

তিনি বলেন, ‌ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়েছিল, আবার বাসায় ফিরে এসেছেন তিনি। মেডিকেল বোর্ডের জরুরি প্রয়োজনে কিছু পরীক্ষা করানোর প্রয়োজন ছিল, সেগুলো করতেই খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে এ নিয়ে দ্বিতীয়বার চেকআপের জন্য হাসপাতালে গেলেন বিএনপি চেয়ারপারসন।

প্রসংগত, চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সেখানে ১৭ দিন চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। প্রায় চার মাস পর ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।  

প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech