।।বিকে রিপোর্ট।।
মুষলধারে বৃস্টিতে আজ ঢাকাবাসীর ভোর হয়েছে। ভোর সাড়ে ছয়টা থেকে প্রায় ঘন্টা দুয়েকের বর্ষনে মিরপুর সহ ঢাকার আশেপাশে অনেক স্থানে পানিতে তলিয়ে গেছে। অফিসগামী যাত্রীদের পড়তে হয়েছে বিড়ম্বনায়।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে দিনের প্রথমার্ধে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের তাপমাত্রাও কমতে পারে।
রবিবার ১৭ আগস্ট সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল (শনিবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আজ সর্বনিম্ন ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে, সোমবারের ১৮ আগস্ট মধ্যে আবারও উত্তরপশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে আগামী পাঁচদিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে বেসরকারী ওয়েবসাইট আবাহওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস পাঠকদের জন্য হুবহু তুলে দেয়া হলো:
রবিবার সকাল ৭ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তর-পূর্ব দিকের ৩ টি বিভাগ এবং দক্ষিণ দিকের ২ টি বিভাগ (বরিশাল, চট্রগ্রাম) উপরে এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, সিকিম, ও ত্রিপুরা রাজ্যের উপরে ঘন মেঘের উপস্থিত রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়,ও সিকিম রাজ্যের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলছে এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টার সময়)। আজ দিনের বিভিন্ন সময়ে দেশের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে রংপুর, বরিশাল, চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে।
আজ রবিবার সকাল ৭ পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টার সময়) বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টি হচ্ছিল যা দুপুর ১২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টার সময়) চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি জেলার উপরে বৃষ্টি হচ্ছিল যা সকাল ১০ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নোয়াখালী, ফেনী, চট্রগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্রগ্রাম জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টার সময়) রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী জেলার উপরে বৃষ্টি হচ্ছিল যা সকাল ৯ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।আজ রংপুর বিভাগের সকল জেলায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর, নীলফামারী, রংপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৮ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে। এছাড়া দুপুর ১২ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের অন্যান্য সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনিসংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টার সময়) ময়মনিসংহ বিভাগের জামালপুর, নেত্রকোনা, ও শেরপুর জেলার উপরে বৃষ্টি হচ্ছিল যা সকাল ৯ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ দিনের বেলা আবারও ময়মনিসংহ বিভাগের সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে। আজ রাতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টার সময়) সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার উপরে বৃষ্টি হচ্ছিল যা সকাল ৮ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত এলাকার উপজেলাগুলোর উপরে একাধিকবার বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টার সময়) রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া, ও নওগাঁ জেলার উপরে বৃষ্টি হচ্ছিল যা সকাল ৯ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে সকাল ৭ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৭ টার সময়) ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, শরিয়তপুর জেলার উপরে বৃষ্টি হচ্ছিল যা সকাল ১১ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। সকাল ৭ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে শরিয়তপুর, গোপলাগন্জ, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ি, মানিকগঞ্জ, মুন্সিগন্জ জেলার উপরে।
খুলনা বিভাগ: সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খুলনা বিভাগের উত্তর বেশিভাগ জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, খুলনা ও বাগেরহাট জেলার উপরে।
=======================
বন্যা পূর্বাভাস ও আপডেট
=======================
গতকাল শনিবার দিবাগত রাতে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য এবং পশ্চিমবঙ্গ কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি হয়েছে। ফলে আশংকা করা যাচ্ছে আগামীকাল সোমবার থেকে আবারও রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার, ধরলা নদীর পানি সমতলের উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ার। ফলে এই সকল নদীর পানি আবারও বন্যা বিপদ সীমার কাছা-কাছি উচ্চতা দিয়ে প্রবাহিত হওয়ার আশংকা করা যাচ্ছে। বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া ১৬ ই আগস্টের বন্যা মানচিত্রে দেখা গেছে পদ্মা ও যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে নদীর পানি বন্যা বিপদ সীমার কাছা-কাছি উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢাকার চার-পাশের নিম্নাঞ্চলগুলো বন্যার পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে।