Breaking News:


৮ দিন ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

  • ০৮:৫২ পিএম, শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
দুর্গাপূজার টানা ৮ দিন ছুটি শেষে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে।

শনিবার ৪ অক্টোবর থেকে এ স্থলবন্দর দিয়ে পুনরায় সকল কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে উভয় দেশের আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে ঐ সময় স্বাভাবিক ইমিগ্রেশনের কাজ চলমান ছিল।

আজ সকাল সাড়ে ১০টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত ভারতীয় পণ্য বোঝাই ১৭টি ট্রাক এ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। একইভাবে দুটি পণ্য বোঝাই ট্রাক ভারতে গেছে।

হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, গত ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় কাঁচা মরিচের দাম বেড়ে গেছে।

আজ কার্যক্রম শুরু হওয়ায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানিকৃত ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। যথারীতি কাঁচা মরিচের ট্রাক খালাস করে আজ থেকেই বাজারে বিক্রি শুরু হয়ে যাবে। এতে মরিচের দাম স্বাভাবিক হবে বলে তিনি আশ্বাস্ত করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech