।।বিকে রিপোর্ট।।
আজ থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শনিবার সায়ংকালে বোধন শেষে আজ মহাষষ্ঠীতে কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলুধ্বনির মাধ্যমে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। পাঁচ দিনের এ উৎসব শেষ হবে আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।
রবিবার ২৮ সেপ্টেম্বর পালিত হচ্ছে মহাষষ্ঠী।
রাজধানীসহ সারাদেশে এবার ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে প্রস্তুতিও শেষ হয়েছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হিন্দু ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুভেচ্ছা বার্তায় বলেন, এ দেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে বিপুল উত্সাহ-উদ্দীপনার সঙ্গে উত্সবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সমাজের সব স্তরের মানুষ একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। উৎসবের এই উপলক্ষ পারস্পরিক সহমর্মিতাকে আরও বৃদ্ধি করে, সৃষ্টি হয় ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন। শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন আরও সুসংহত হোক।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মমতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভশক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে।
শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটিসহ হিন্দু সম্প্রদায়ের নেতারাও।
এর আগে শনিবার সারা দেশের পূজামণ্ডপগুলোতে দুর্গা দেবীর বোধন অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে এই বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনা পূজা করা হয়। মণ্ডপে-মন্দিরে পঞ্চমীতে সন্ধ্যায় এই বন্দনা পূজা অনুষ্ঠিত হয়। গত ২১ সেপ্টেম্বর দেবী দুর্গার আবাহন বা মহালয়ার মধ্য দিয়ে সূচনা হয় দেবীপক্ষের। সাধারণত দেবীপক্ষ শুরুর সাত দিন পর পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে থাকে।
এ বছরের দুর্গাপূজার নির্ঘণ্ট অনুযায়ী, আজ রবিবার মহাষষ্ঠী। এদিন ষষ্ঠীতিথিতে সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শুরু হবে। চণ্ডিপাঠে মুখরিত থাকবে সব মণ্ডপ-মন্দির এলাকা। দুর্গোৎসবের দ্বিতীয় দিনে আগামীকাল সোমবার মহাসপ্তমী। এরপর মঙ্গলবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং বুধবার মহানবমী শেষে বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।
দুর্গোৎসব চলাকালে প্রতিদিনই অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগআরতির আয়োজন করা হবে। এছাড়া দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নাটক, নৃত্যনাট্যসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।
রাজধানীর কেন্দ্রীয় পূজা উৎসব হিসাবে পরিচিত ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপে আজ পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের সূচনা ঘটবে। পূজার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান ও শেষ দিনে বিজয়া শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রামকৃষষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপে মহাষ্টমী ও কুমারী পূজার দিনে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, বিংশ শতাব্দীর প্রথমার্ধে এই পূজা ঐতিহ্যবাহী বারোয়ারি বা কমিউনিটি পূজা হিসেবে জনপ্রিয়তা লাভ করে। সনাতন বিশ্বাসে ধূপের ধোঁয়ায়, ঢাক-ঢোলক-কাঁসর-মন্দিরার নিনাদ এবং পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্যে দেবী দুর্গা কৈলাস ছেড়ে পিতৃগৃহে আসেন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। ‘সুদর্শন’ পঞ্জিকামতে, ঘোড়ায় আগমনের ফল সামাজিক, রাজনৈতিক ও সাংসারিক ক্ষেত্রে অস্থিরতা বয়ে আনে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী, এবার সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এই সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬১। ফলে এবার ১ হাজার ৮৯৪টি পূজা বেশি হচ্ছে। রাজধানী ঢাকায় এবার ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় সাতটি বেশি।
রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র্যাব ও বিডিআর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশ এবং র্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
এদিকে দুর্গাপূজা উপলক্ষ্যে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকাসহ সারা দেশের ২,৮৫৭টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৪৩০ প্লাটুন সদস্য। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।