।।বিকে রিপোর্ট।।
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম মসজিদ সহ সারাদেশে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া পড়া হয়েছে।
শুক্রবার ২ জানুয়ারি বায়তুল মোকাররম মসজিদ সহ সারাদেশে জুমার নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত করেন মসজিদটির খতিব মাও. আব্দুল মালেক।
দোয়া অনুষ্ঠিত হওয়ার আগে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। এরপর দোয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। আল্লাহপাক যেন তাকে জান্নাতের বাসিন্দা করেন- এ কামনাও করা হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর বুধবার থেকে ২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
এর আগে গত মঙ্গলবার ৩০ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় শাখার পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের স্বাক্ষর করা এক সরকারি চিঠিতে জানানো হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া করা হবে।
শোকের শেষ দিন আজও দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।