।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ ঢাকার গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেছেন।
শনিবার ১৫ মার্চ সকাল ৯টার দিকে তিনি এটি পরিদর্শন করেন। সেখানে কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ছাড়াও কয়েকটি সেশনে অংশ নেন জাতিসংঘ মহাসচিব।
তিনি সেখানে ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।
নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের আগে তিনি জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশে রওয়া দেবেন তিনি। সেখানে দুপুর থেকে কয়েকটি রাজনৈতিক দলের নেতা, সংস্কারের উদ্দেশে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন জাতিসংঘের মহাসচিব।
এ ছাড়া ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের সুশীল ও যুব প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। এরপর বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।