।।বিকে ডেস্ক।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে ১৩ বছর বয়সী কিশোর ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় ‘রামিসা হত্যার’ মতোই দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার ২০ সেপ্টেম্বর সচিবালয়ে আয়োজিত এক সমসাময়িক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবে আদালত, তবে এর জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের আইনি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হবে। এদিকে, চোখের জলে ও সর্বস্তরের মানুষের শোকের মধ্য দিয়ে আজ রোববার নিহত অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে।
অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্ত ও অগ্রগতি তুলে ধরে তিনি নিশ্চিত করেন, নিহত কিশোরের সঙ্গে থাকা যে আইফোনটিকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, সেটি ইতোমধ্যে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্দেহভাজন প্রধান আসামি তুহিনের কাছ থেকেই মোবাইলটি উদ্ধার করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর বিভিন্ন লক্ষণও দেখা যাচ্ছে, এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার মায়ের দামি আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হয়েছিল স্কুলছাত্র অপ্রতিম। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজের এক দিন পর শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীর জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ইতোমধ্যে তুহিন, আনাস ও ফাহিম নামের তিন তরুণকে আটক করেছে।
অন্যদিকে, মর্মান্তিক এই ঘটনার পর আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে এক হৃদয়বিদারক পরিবেশের মধ্য দিয়ে অপ্রতিমকে চিরবিদায় জানানো হয়। সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে শোকস্তব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
উপস্থিত সবাই অকালে প্রাণ হারানো এই নিষ্পাপ কিশোরের আত্মার মাগফেরাত কামনা করেন এবং জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। কুবির মাঠে প্রথম জানাজা শেষে সকাল সোয়া ১১টায় কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে অপ্রতিমের দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন হয়।