।।বিকে ডেস্ক।।
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর হয়েছে।
সোমবার ১২ অক্টোবর বেলা পৌনে ১১টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাঁর প্রেস সেক্রেটারির ভাষ্য, একদল দুষ্কৃতকারী এ হামলা চালিয়েছে।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য গণমাধ্যমকে বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, আজ সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় ব্যানার নিয়ে একদল নারী-পুরুষ বাসার সামনে অবস্থান নেন। মিনিট দশেক পরে সেখান থেকে জি এম কাদেরের বাসায় ইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে লোকজন ভাঙচুর শুরু করে।
যোগাযোগ করা হলে জাপা চেয়ারম্যান জি এম কাদের গণমাধ্যমকে বলেন, সকালবেলা আমি নাশতা করছিলাম। এমন সময় হঠাৎ করে চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়। সকালবেলা হওয়ার কারণে তখন বাসায় তেমন কেউ ছিল না। জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। তবে বাসার গেটে তালা লাগানো থাকায় কেউ ভেতরে ঢুকতে পারেনি।
হামলাকারী কারা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ভেতরে ছিলাম, তারা কারা আমি বুঝতে পারিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। তিনি বলেন, ‘আজ বেলা ১১টার দিকে অচেনা নম্বর থেকে ফোন করে বলা হয়, জি এম কাদেরের বাসায় হামলা হয়েছে।
আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে গিয়েছি। তবে কাউকে পাইনি। সাধারণ জনতার ব্যানারে ৩০-৪০ জন ওই বাসায় হামলা চালিয়েছে। তারা বাইরে থেকেই ঢিল ছুড়ে ভাঙচুর করেছে। তবে ভেতরে কেউ ঢুকতে পারেনি। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

হামলার সময় জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে কিছু লোকজন। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাঁর দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভকারীরা বাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর বিচার দাবি করেন।