।। বিকে ডেস্ক ।।
বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ২০২৫ সালের মার্চে অ্যাকাউন্ট খুলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেখানে খুব বেশি পোস্ট করতেন না তিনি।
ট্রুথ সোশ্যালে ট্রাম্পের বিভিন্ন পোস্টে প্রায়ই মোদীর নাম ও তাঁর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রসঙ্গ উঠে আসে। এখন জানা গেছে, গত জুনে মোদীর দীর্ঘতম মেয়াদে রাষ্ট্রক্ষমতায় থাকার অর্জন নিয়ে ট্রাম্প যে পোস্ট করেছিলেন, তা বাস্তবায়নে একটি লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ করেছিল ভারত সরকার।
এ কাজের জন্য ‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ নামের প্রতিষ্ঠানটিকে মাসে ৭৫ হাজার ডলার দিয়েছে দিল্লি।
গত শনিবার ভারতের অনলাইন সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদনে বলা হয়, ভারত সরকারের পক্ষে নিয়োজিত মার্কিন লবিং প্রতিষ্ঠানটি সম্প্রতি দেশটির ‘ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট’ (এফএআরএ)-এর অধীনে দাখিল করা নথিতে ট্রুথ সোশ্যালে মোদীর পক্ষে লবিং চালানোর বিষয়টি প্রকাশ করেছে।
‘মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স’ ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের দ্বারা পরিচালিত। ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মাসে ৭৫ হাজার ডলারের বিনিময়ে দিল্লির সঙ্গে চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠানটি। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা এই লবিং প্রতিষ্ঠানের মূল দলের অন্যতম সদস্য।
গত ১০ জুন মোদিকে শুভেচ্ছা জানিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের সেই পোস্ট।
এ ছাড়া ট্রাম্পের বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত মার্কারির নিবন্ধিত লবিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়, দাখিল করা তথ্য-উপাত্তে মার্কারি তাদের কার্যক্রমের যে তালিকা জমা দিয়েছে, তাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ট্রুথ সোশ্যালে প্রকাশিত ট্রাম্পের গত জুনের একটি পোস্ট অন্তর্ভুক্ত রয়েছে। ওই পোস্টে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন ট্রাম্প।
পাশাপাশি ট্রাম্পের আরেক ঘনিষ্ঠ সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন লবিং প্রতিষ্ঠান ‘এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি’ প্রকাশ করেছে, তারা গত মে ও জুন মাসে ভারত সরকার এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মোট আটটি ফোনালাপের আয়োজন করেছিল। প্রতিষ্ঠানটি এসব ফোনালাপকে তাদের ‘রাজনৈতিক কর্মকাণ্ডের’ অংশ হিসেবে বর্ণনা করেছে। তাদের ভাষ্য, ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যেই ফোনালাপগুলো আয়োজন করা হয়েছিল।
ভারত সরকার ২০২৫ সালের এপ্রিলে মিলারের প্রতিষ্ঠানটিকে প্রথম নিয়োগ করে। ২০২৬ সালের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়। পরে ২৩ জুন জেসন মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দেওয়ার পর চুক্তিটি বাতিল করা হয়।
ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসির সঙ্গেও প্রতি মাসে দেড় লাখ ডলার ফি দেওয়ার বিনিময়ে চুক্তি করেছিল।
যুক্তরাষ্ট্রে এফএআরএ নামে একটি আইন রয়েছে। এ আইন অনুযায়ী, বিদেশি কোনো সরকারের হয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বা লবিংমূলক কাজ পরিচালনা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়মিতভাবে তাদের গ্রাহকদের সঙ্গে সম্পর্ক, কাজের বিবরণ এবং প্রাপ্ত অর্থের পূর্ণাঙ্গ হিসাব দিতে হয়। মার্কারি ও এসএইচডব্লিউ পার্টনার্স এই আইনের অধীনেই তাদের হিসাব ও কার্যক্রমের প্রতিবেদন জমা দিয়েছে।
সুত্রঃ বিডি জার্নাল