।।বিকে ডেস্ক।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
রবিবার ১৫ নভেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সে. এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২০° সে. হতে পারে।
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি ক্রমান্বয়ে আরও শক্তি অর্জন করে নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সাগরে অবস্থান করা সিস্টেমটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে শনিবার (১৪ নভেম্বর) সকালে দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার দুপুরে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানিয়েছে।
বিডব্লিউওটি জানায়, বর্তমানে সাগরের সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বর্তমান এই অবস্থান থেকে এটি উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে এবং পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এমনকি পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এটি আরও বেশি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে।