।।বিকে আন্তর্ঝাতকি ডেস্ক।।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৯ মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত চলছে ইরানের। এই ৯ মাসে মার্কিন বাহিনী এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অবকাঠামো এবং সেসব দেশের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে ইরানি প্রতিরক্ষা বাহিনী।
তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ৯ মাস ধরে লাগাতার হামলা-পাল্টা হামলা সত্ত্বেও ইরানের অস্ত্রভাণ্ডারে তেমন কোনো টান পড়েনি এবং এখনও দেশটির প্রতিরক্ষা বাহিনীর কাছে বিভিন্ন পাল্লার প্রায় ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র আছে। সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন যে মার্কিন বাহিনীর লাগাতার আক্রমণে ইরানের সামরিক সক্ষমতা অনেকাংশেই ধ্বংস হয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদন কার্যত ট্রাম্পের সেই দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেললো।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, সংঘাত পুনরায় শুরু হলে মার্কিন সেনাবাহিনী ও মিত্র দেশগুলোর লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো যথেষ্ট ক্ষেপণাস্ত্র এখনো ইরানের হাতে রয়েছে।
“ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন ও বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এগুলোর বদৌলতে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিকবার হামলা চালানোর সক্ষমতা এখনও আছে ইরানের”, বলেছেন এক গোয়েন্দা কর্মকর্তা।
এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে কতগুলো উৎক্ষেপণ বা ব্যবহারের জন্য প্রস্তুত আর কতগুলো মজুত অবস্থায় আছে, তা অবশ্য সঠিকভাবে নির্ণয় করতে পারেননি মার্কিন গোয়েন্দারা। পাশপাশি প্রতিবেদনে তারা জানিয়েছেন, ইরান ক্ষেপণাস্ত্র তৈরি অব্যাহত রাখলেও যুদ্ধের আগের তুলনায় এ প্রক্রিয়াটি এখন কিছুটা ধীরগতিতে এগোচ্ছে।
মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিরক্ষা উপ-সহকারী সচিবের সাবেক দায়িত্ব পালনকারী সিমোন লেডিন বলেছেন, এমনকি সর্বনিম্ন হিসাবটি ধরলেও এটি স্পষ্ট যে যুদ্ধের ৯ মাসে ইরান যত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, সেসবের অর্ধেকেরও বেশি ইতোমধ্যেই ‘পুনরুদ্ধার’ করতে পেরেছে দেশটি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাগুলো মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতাগুলোকে বারবার সামনে নিয়ে এসেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছেন মার্কিন গোয়েন্দারা।
ওয়াশিংটন অবশ্য গত আগস্ট থেকেই ইরানে নিয়মিত সামরিক অভিযান পরিচালনা বন্ধ রেখেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন আপাতত বড় সামরিক অভিযানের পরিবর্তে নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখতে আগ্রহী।
সূত্র : আনাদোলু এজেন্সি