।।বিকে রিপোর্ট।।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির বনে লাগা আগনু এখনো জ্বলছে। রাতেও আগুন নেভানোর কাজ করেছে বন বিভাগ। আগুন নিয়ন্ত্রণে কাটা ফায়ার লাইনে পানি দেওয়ার পাশাপাশি ছেঁটানো হচ্ছে।
রবিবার ২৩ মার্চ সকালে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কার্যক্রমের সর্বশেষ অবস্থা জানান পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আগুন যেন ছড়িয়ে পড়তে না পারে তাই আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা হয়েছে। আগুনের আশপাশে পানির উৎস নেই। দূর থেকে পানি নিয়ে ফায়ার লাইনে দেওয়া হচ্ছে। এছাড়া সরাসরি আগুনে পানি ছেঁটানো হচ্ছে।
উল্লেখ্য, গতকাল শনিবার সকালে সুন্দরবনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শনিবার ২২ মার্চ সকালে শুরুতে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হওয়াতে পানির উৎসের অভাবে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। বনরক্ষীরা ফায়ারলাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আশেপাশে পানির কোনো উৎস নেই। জোয়ারের অপেক্ষায় ছিলেন গতকাল।
আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম বলেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কচুয়া থেকে তাদের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
তিনি বলেন, বনের খাল থেকে দুই আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে বলে ষ্টেশন কর্মকর্তা জানান।
আজ রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিস পাইপ লাইন টেনে পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের (বাগেরহাট) বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম।
তিনি বলেন, বনের ৩ থেকে ৪ একর এলাকার লতাপাতা-গুল্মে আগুন ধরেছে। আগুনের যাতে বিস্তৃতি না ঘটে, সেজন্য ফায়ার লাইন কেটে ও স্বল্প পরিসরে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে বন বিভাগ। রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম আগুন নেভানোর কাজ পুনরায় শুরু করবে।
আগুন এখনও জ্বলছে জানিয়ে বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন, আপাতত আগুন লাগার কারণ নির্ণয় করা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগুন পুরোপুরি নেভানোর পরই কারণ উদঘাটনে তদন্ত কমিটি করা হবে।
উল্লেখ্য, এর আগে গতবছর ২০২৪ সালের ৪ মে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।