Breaking News:


বেইজিংয়ে ড. ইউনূসকে রাজকীয় লাল গালিচা সংবর্ধনা : শি জিনপিং ও ড. ইউনূসের বৈঠক অনুষ্ঠিত 

  • ১০:০৯ এএম, শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
ছবি: Chief Adviser GOB ফেসবুক পেইজ, সংগৃহিত

।।বিকে আন্তর্জাতকি ডেস্ক।।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

শুক্রবার ২৮ মার্চ (স্থানীয় সময়) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস আজ বেলা ১১:৪৫ মিনিটে দ্য প্রেসিডেন্সিয়াল বেইজিং-এ চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি “বিনিয়োগ সংলাপে” অংশ নেবেন।

চীনা বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে ধারণা প্রদান এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে এই সংলাপের আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা একই স্থানে তিনটি পৃথক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন, যার বিষয়বস্তু হলো— টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ, উৎপাদন ও বাজার সম্ভাবনা এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও থ্রি জিরো বিশ্বের ভবিষ্যৎ।

এসব বৈঠকে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, সামাজিক ব্যবসায় সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিবর্গ, স্বনামধন্য চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

অধ্যাপক ইউনূস চীনে বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজনে এক নৈশভোজে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা বর্তমানে চার দিনের সফরে চীনে রয়েছেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন,জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান,  প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

এর আগে চারদিনের চীন সফরের দ্বিতীয় দিনে বোয়াও শহরে ব্যস্ততম দিন পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশের বোয়াও শহর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) রাত ১০টা ২০ মিনিটে বেইজিংয়ে পৌঁছেছেন। সেখানে প্রধান উপদেষ্টাকে রাজকীয় লাল গালিচা সংবর্ধনা দিয়েছে চীন। চীনের উপমন্ত্রী সান ওয়েইডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech