।।বিকে ডেস্ক রিপোর্ট।।
বৃষ্টির পর রাজধানী ঢাকার বাতাসের মানে বেশ উন্নতি হয়েছে। বায়ুদূষণের তালিকায় শীর্ষ ১০-এ নেই ঢাকা।
রবিবার ৪ মে সকাল সাড়ে ৮টা নাগাদ আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৯৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।
বিগত সময়ে তালিকায় ঢাকার অবস্থান খুবই অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর ও সংবেদনশীল মানুষের জন্য ঝূকিপূর্ন শ্রেণিতেই ওঠানামা করলেও আজ সকালে ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ ৯৭৭ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। ২৭৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। ২৩৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১২৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার বাটাম। ১১৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।