পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র : র‌্যাব পুনর্গঠনে কমিটি গঠন- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা দিয়ে দিতে হবে। বাহিনীটির হাতে কোনও মারণাস্ত্র থাকবে না। শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে মারণাস্ত্র থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

সোমবার ১২ মে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

সভার শেষে সাংবাদিকদের সামনে এসে তিনি বলেন, জুলাই-অগাস্টের আন্দোলন দমনে নির্বিচার অস্ত্র ব্যবহার করে ভাবমূর্তির সংকটে থাকা পুলিশ বাহিনীকে আর কোনো মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কোনো মারণাস্ত্র আর অস্ত্র পুলিশের হাতে থাকবে না। কিন্তু আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে থাকবে। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে কিছুটা সময়ের প্রয়োজন বলে জানান তিনি।

এছাড়াও সভায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব পুনর্গঠনে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‌্যাব পুনর্গঠন কীভাবে হবে, এই নাম থাকবে কি না, এই ড্রেস থাকবে কি না, এই ফোর্স থাকবে কি না, কীভাবে অর্গানাইজ হবে- এজন্য আমরা ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছি।

একজন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কয়েকটি বাহিনী প্রধানদের এটার সদস্য করে দেওয়া হয়েছে। এ কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। তিনি প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন। কমিটির মোট সদস্য ৫ বা ৬ জন, তারা প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

স্বরাষ্ট্র উপদেষ্টার পর বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, গত কয়েকদিনে বিএসএফ ২০২ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। এদের মধ্যে পাঁচজন ভারতীয়।

বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয়েছে। এখনো বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech