এনবিআরের বিভাজন বহাল থাকবে: অর্থ উপদেষ্টা

  • ১০:৫৮ এএম, বুধবার, ২১ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার বিষয়ে যে ভুল বোঝাবুঝি ছিল, তা এখন কেটে গেছে জানিয়ে এনবিআর আগের মতোই দুই বিভাগে বিভক্ত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার ২০ মে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এনবিআরের কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এই কথা জানান।

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংক্রান্ত গেজেট বাজেটের পর দ্রুত প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমরা ২ জুন বাজেট দেব, এরপর এটা নিয়ে কাজ হবে। এনবিআর পৃথক বিষয়টি বাস্তবায়নের পর্যায় আছে, অনেক কাজ আছে এসব নিয়ে। সে সময় আমরা দেখবো কতটুকু তাদের দাবি নেয়া যায়।

এ বিষয় নিয়ে তাদের সঙ্গে আর কোনো বৈঠক হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের সঙ্গে ফরমালি আর কোনো আলোচনা হবে না। তাদের যে উপদেষ্টা কমিটি আছে, তারা তাদের সঙ্গে আলাপ করে এটা করবে।

অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরকে পৃথক বিভাগ হিসেবে গঠন করতে হলে কিছু ধাপ ও কাজ রয়েছে। আমরা দেখবো তাদের দাবিগুলো কতটা নেওয়া যায়। বাস্তবতা, দেশের স্বার্থ ও ব্যবসার প্রয়োজন বিবেচনায় যেটা অনুমোদন করেছি, সেটা থাকবে। তবে তাদের দাবিগুলো বিধিমালা বা অন্য কোনো উপায়ে বাস্তবায়নের চেষ্টা করবো।

তিনি আরও বলেন,  তাদের (আন্দোলনকারী) সঙ্গে আর ফরমালি কোনো আলোচনা হবে না। উপদেষ্টা কমিটি আছে, তারা তাদের সঙ্গে আলাপ করে বিষয়টি এগিয়ে নেবে। আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি। 

এ প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অর্থ উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন। এখন এ নিয়ে কিছু কাজ করবে মন্ত্রণালয়। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, এনবিআর এ নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেবে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এনবিআর চেয়ারম্যান বলেন, উপদেষ্টারা কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন এবং এখন মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত কার্যকর করার কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত ১২ মে রাতে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুইভাগে বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ বানানো হয়েছে। এ নিয়ে যে অধ্যাদেশ জারি করা সেখানে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করে আসছেন সংস্থাটির কর্মকর্তারা। তারা বলছেন, কর্মকর্তাদের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এই অভিযোগে এনবিআরের কর্মকর্তারা কলমবিরতিও করে আসছেন কয়েকদিন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech