।।বিকে রিপোর্ট।।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়া এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশি নাগরিককে আট ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পতাকা বৈঠক শেষে ৮ ঘণ্টা পর দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।
শুক্রবার ২ মে দিবাগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত আনা হয়। এমনটাই জানিয়েছে ফেরত আনা দুই বাংলাদেশির পরিবার।
ফেরত পাওয়া দুইজন হলেন—রিমন হোসেন, পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ও সাজেদুল ইসলাম, বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে, তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
বিজিবির তথ্য অনুযায়ী, কাঁটাতারের বেড়ার বাংলাদেশ অংশে থাকা ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার-সংলগ্ন এলাকায়, কাঁটাতারের বেড়ার এপারে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানাচ্ছিলেন রিমন ও সাজেদুল। এ সময় সীমান্ত টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
বিজিবি তাৎক্ষণিক যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান জানায় এবং দ্রুত কূটনৈতিক উদ্যোগে উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের মুক্ত করে আনে।
ঘটনার পর রিমন ও সাজেদুলকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেরত আসা রিমন ও সাজেদুল জানিয়েছেন, দেশে ফিরে আসার পর তাদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর দ্রুত দুই বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনায় বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেছেন, বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠকের আহ্বান জানালে সাড়া দিয়ে বিএসএফের হেফাজতে থাকা দুজন শিক্ষার্থীকে রাতে ফেরত দিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সীমান্ত এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ ও টিকটক ভিডিও বানানোর প্রবণতা বেড়েছে, যা নিয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসন সতর্ক থাকার কথা জানিয়েছে।