।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
দক্ষিণ কোরিয়ায় দেশটির জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় এ আই জালিয়াতির এক ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে আলোড়ন তৈরি হয়।
এ ঘটনায় পুরোদায় স্বীকার করে শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতি ঠেকাতে শেষ মুহূর্তে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। এসব পদক্ষেপের কারণে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার সম্পূর্ণ দায়ভার নিজের ওপর নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
এক সপ্তাহ আগে দেশটির জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী এআই ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করেন। তিনি পরীক্ষায় ক্ষুদ্র ক্যামেরা, মোবাইল ফোন ও এআইয়ের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করেছিলেন।
এ ঘটনার পর কর্তৃপক্ষ লুকানো যন্ত্র শনাক্ত করতে জরুরি ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে দেশের প্রতিটি মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তাও পাঠানো হয়।
সুনেউং পরীক্ষা শেষ করতে সর্বোচ্চ নয় ঘণ্টা সময় লাগে। দক্ষিণ কোরিয়ার লাখো মানুষের শিক্ষাজীবন ও পেশাগত ভবিষ্যৎ নির্ধারণে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাতে রোববার চোই বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি মনে করি, আগাম প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার সমালোচনা থেকে আমার রেহাই পাওয়ার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘এখন পরীক্ষা শেষ হয়েছে। আমি গভীরভাবে দায়বদ্ধতা অনুভব করছি এবং পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং পরে চোইয়ের পদত্যাগপত্র গ্রহণ করেন। বর্তমান পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে আসছিলেন তিনি।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, এ বছরের সুনেউং পরীক্ষায় ১১১ জন পরীক্ষার্থীর কাছে অননুমোদিত স্মার্ট যন্ত্র পাওয়া গেছে। এ বছর প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল।
প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের আশঙ্কা গত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছিল। সম্প্রতি এআই-সুবিধাযুক্ত বিভিন্ন যন্ত্র ব্যবহার করে পরীক্ষার্থীদের জালিয়াতির খবর প্রকাশিত হওয়ার পর এ উদ্বেগ আরও বেড়ে যায়। গত সপ্তাহের শেষ দিকে এই উদ্বেগ চরমে পৌঁছায়। ওই সময় এপ্রিল মাসে অনুষ্ঠিত জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া হান ওন-সক জালিয়াতির কথা স্বীকার করেন।
১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটিতে ভুল উত্তর দিয়ে অস্বাভাবিকভাবে বেশি নম্বর পাওয়ায় তাকে নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। এর মধ্যেই তিনি জালিয়াতির কথা স্বীকার করেন।
৩৪ বছর বয়সী হান একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমি ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করে পরীক্ষার প্রশ্নগুলোর ছবি তুলেছিলাম। এরপর সেগুলো এআইয়ের কাছে পাঠাই। পরে জালিয়াতি করার জন্য স্মার্টফোনে নিজের উত্তরগুলো যাচাই করি।’
এ ঘটনার পর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ নেয়। সুনেউং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাত্র কয়েক দিন আগে এসব ব্যবস্থা চালু করা হয়।
এসব পদক্ষেপের মধ্যে পরীক্ষার দিন দেশজুড়ে জরুরি সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থাও ছিল।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে তিনবার জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে পুরো দেশের মোবাইল ফোনগুলো একই সঙ্গে বিকট শব্দে বেজে ওঠে। এমনকি যেসব ফোন নীরব অবস্থায় ছিল, সেগুলোতেও সতর্কবার্তার শব্দ শোনা যায়। বিদেশি পর্যটকেরা মোবাইলের মাধ্যমে তথ্য আদান-প্রদানের সুবিধা ব্যবহার করলেও তাদের ফোনেও এই সতর্কবার্তা বেজে ওঠে।
তবে মোবাইল ফোন বন্ধ থাকলে অথবা উড়োজাহাজ মোডে থাকলে সেগুলোতে সতর্কবার্তার শব্দ শোনা যায়নি।
পরীক্ষায় জালিয়াতি শনাক্ত করতে দক্ষিণ কোরিয়া এই প্রথম জাতীয় দুর্যোগ সতর্কতা ব্যবস্থা ব্যবহার করে।