।।বিকে রিপোর্ট।।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে সোমবার দুপুর পর্যন্ত আল্টিমেটাম দেন।
রবিবার ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সোয়া ১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা সোমবার ১টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।
রবিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড় থেকে বিক্ষোভ শুরু হয়। মিছিলটি ঢাবির বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল হয়ে রাজু ভাস্কর্যে পৌঁছায়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আবার বিক্ষোভ মিছিল নিয়ে ফিরে যায় শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘সুশীলতার দিন শেষ বিচার চায় বাংলাদেশ, এক দুই তিন চার জাহাঙ্গীর গদি ছাড়, জুলাই রক্তের দাম চাই নিরাপদ বাংলাদেশ চাই, জুলাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’-সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, ‘দেশে চাঁদাবাজরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তার মানে হলো, স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না। আপনারা সেনাবাহিনীর কাছে মাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রেখেছেন। কী ভূমিকা রাখছে সেনাবাহিনী? আজ রাজু ভাস্কর্য থেকে ঘোষণা দিতে চাই, সোমবার ১টার মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে আমরা মাঠ পর্যায়ে ব্যবস্থা নিবো। তাদের প্রত্যেকের ৬ মাসে কী করেছে তার হিসাব আমাদের দিতে হবে।’
শিক্ষার্থী নুরুল গণি ছগীর বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই— আপনাদের পুলিশ, সেনাবাহিনী, র্যাব দিয়ে সমস্যার সমাধান করতে না পারেন আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর দায়িত্ব ছেড়ে দেন। আমরা আজকের পর থেকে দেশে একটা ছিনতাই ধর্ষণ হতে দেবো না।
শিক্ষার্থীরা বলেন, সারা দেশে হত্যা, ছিনতাই, ধর্ষণ বেড়েই চলেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কী ঘাস কাটেন? সোমবারের মধ্যে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের মাধ্যমে আমরা আমদের কর্মসূচি শেষ করবো।
এদিকে, এ ঘটনার পর রাত ৩টা ৫ মিনিটের দিকে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে ‘আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’ অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এ ক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে। তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব।