।।বিকে রিপোর্ট।।
ঢাকায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন সংলগ্ন টিটিপাড়ায় প্রথম ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস চালু হয়েছে।
শনিবার ৮ নভেম্বর সকালে আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লে. জে. (অব.) আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন।
উদ্বোধনের পর সকাল ১০টা থেকে সাধারণ জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে যান চলাচল। ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো।
অতীশ দীপঙ্কর রোড ও কমলাপুর আউটার সার্কুলার রোডকে সংযুক্ত করেছে এই টিটিপাড়া আন্ডারপাস। আগে এখানে ছিল ব্যস্ত লেভেল ক্রসিং, যেখানে সড়ক ও রেলপথের যানবাহন একে অপরের জন্য অপেক্ষায় থাকত, ফলে নিয়মিত সৃষ্টি হতো যানজট। নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে লেভেল ক্রসিংটি সরিয়ে নির্মাণ করা হয় আধুনিক এই আন্ডারপাস, যা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে রাজধানীবাসীকে ভোগান্তিতে ফেলেছিল।
প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম বলেন, চারটি লেন মোটরচালিত যানবাহনের জন্য (বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ)। দুটি আলাদা লেন রিকশা, ভ্যান ও সাইকেলের মতো নন-মোটরচালিত বাহনের জন্য। পথচারীদের হাঁটার জন্য রয়েছে ফুটপাথ।
গণমাধ্যমকে তিনি আরও বলেন, পথচারী, সাইকেল ও রিকশার জন্য আলাদা লেনের সুবিধাসম্পন্ন এটি ঢাকা শহরের প্রথম রেলওয়ে আন্ডারপাস। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত এই আন্ডারপাসটির দৈর্ঘ্য ৩৩৮ মিটার এবং প্রস্থ ৩১ মিটার।
সড়কটির সৌন্দর্য বাড়াতে ডিভাইডারে ফুলের গাছ রোপণ করা হয়েছে, দুই পাশে বসানো হয়েছে ল্যাম্পপোস্ট এবং করা হয়েছে রোড মার্কিং। সব মিলিয়ে টিটিপাড়া আন্ডারপাস এখন আধুনিক ও নান্দনিক রূপে রাজধানীর নতুন সংযোগপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এই আন্ডারপাসটি চালু হওয়ায় মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সংযোগ সড়কে ট্রেনের সিগনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার সমস্যারও সমাধান হলো।