অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা

  • ১০:৩৪ এএম, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান।

আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন।

বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।

মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক, বস্ত্র ও গৃহসজ্জা সামগ্রীসহ বিভিন্ন সম্ভাবনাময় পণ্য প্রদর্শন করছে। পাশাপাশি ইপিবির পৃথক স্টলে বাংলাদেশের রপ্তানি খাতের বিভিন্ন প্রকাশনা, সাময়িকী, জার্নাল ও তথ্য-উপাত্তভিত্তিক দলিল প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে দেশের রপ্তানি সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সামর্থ্য তুলে ধরা হচ্ছে।

প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের মূল লক্ষ্য হলো অস্ট্রেলিয়ার বাজারে দেশীয় পণ্যের পরিচিতি ও প্রবেশাধিকার বাড়ানো, নতুন আমদানিকারক ও ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলা। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতা, উৎপাদক, সরবরাহকারী ও ডিজাইনারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নতুন রপ্তানি বাজার অনুসন্ধানের সুযোগ তৈরি করা।

আজ সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, ইপিবির সচিব মো. বজলুর রশীদ এবং বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সিলর রনি চাকমা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং মেলার আয়োজকেরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

প্রদর্শনীর ‘লার্নিং ল্যাব’-এ আয়োজিত বিশেষ সেমিনারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা, পণ্যের বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তুলে ধরেন বাণিজ্যিক কাউন্সিলর রনি চাকমা। এতে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা বাংলাদেশের রপ্তানি খাত সম্পর্কে ধারণা লাভ করেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে নতুন ক্রেতা সৃষ্টি, রপ্তানি আদেশ অর্জন এবং অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণে ইপিবির সহযোগিতা ও সমন্বয় অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech