আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৭

।।বিকে রিপোর্ট।।
রাজধানীর আগারগাঁয়ের টিনশেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে।

শনিবার ৬ ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে আগারগাঁও পাকা মার্কেট সড়ক এলাকার সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটে। পরে সকাল পৌনে ৮টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হয়েছে।

অগ্নিকান্ডে দগ্ধরা হলেন- মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), দুই ছেলে আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬) ও মেয়ে মনিরা (১৭) ও নাতনি ইভা (৬)।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মো. আফরান মিয়া বলেন, রাতে বাসার পাশাপাশি কক্ষে ঘুমিয়ে ছিলেন পরিবারের সবাই। ভোরের দিকে তার আরনেজা বেগম রান্না ঘরে গিয়ে ম্যাচ জালাতেই টিনশেড বাসাটিতে আগুন ছড়িয়ে ৭ জনই পুড়ে যায়।

আরফান মিয়া এবং তার স্ত্রী জনিভা আক্তার ঘটনার সময় পাশে আরেকটি কক্ষে ছিলেন। তারা দগ্ধ না হলেও তাদের দুই মেয়ে ইভা ও ইশা নানার কক্ষে থাকায় দগ্ধ হয়েছে।

দগ্ধ আসিফ বলেছেন, গত দেড়মাস ধরে তারা বাসাটিতে গ্যাসের গন্ধ পাচ্ছিলেন, বাড়িওয়ালাকে বারবার বললেও কোনো প্রতিকার পাননি তারা।

দগ্ধদের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়, পরিবারটি আগারগাঁও সরকারি কোয়ার্টারের ওই বাসায় ভাড়া থাকে।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুনুর রশীদ বলেন, “জলিলের ১২ শতাংশ, আরনেজার ১০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদের হাত-পা দগ্ধ হয়েছে। এদের মধ্যে মনিরা ৮ মাসের অন্তসত্ত্বা, তারও হাত-পা দগ্ধ হওয়ায় চিকিৎসা দিয়ে গাইনি বিভাগে পাঠানো হয়েছে। জলিল ও আরনেজা বেগমকে ভর্তি দেওয়া হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে ওয়ার্ডে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধরা বর্তমানে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech