।।বিকে ডেস্ক রিপোর্ট।।
হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদসহ আটটি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে আজ বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার ২৫ মে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠকে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম তার দলের পক্ষ থেকে অংশ নেবেন। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেবেন।
বৈঠকে সংস্কার, নির্বাচন ও স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে পরামর্শ দেবেন রাজনৈতিক নেতারা।
এর আগে গতকাল শনিবার বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বৈঠক শেষে রাত সাড়ে ১০টায় সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াত এবং এনসিপি এই বিষয়ে সমর্থন জানিয়েছে। তিনটি রাজনৈতিক দলই চায় যেন প্রধান উপদেষ্টার অধীনেই সুষ্ঠু নির্বাচন হয়। ডিসেম্বর থেকে জুনের ৩০ তারিখের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাবে না।