।। বিকে ডেস্ক ।।
পবিত্র ঈদুল ফিতরের টানা ৭ দিনের সরকারি ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সব সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুনরায় খুলছে।
গত শনিবার ২১ মার্চ দেশে ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় সরকারি-বেসরকারি অনেক চাকরিজীবী মাঝের ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর পরপরই শুক্র ও শনিবার (২৭ ও ২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি। ফলে অনেকেই এবার ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত দীর্ঘ ১২ দিনের ছুটি ভোগ করছেন। এ কারণে অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে চলতি সপ্তাহটি কেটে যাবে। এরপরই আগামী সপ্তাহ থেকে রাজধানী ঢাকা তার চিরচেনা রূপে ফিরবে।
সাধারণত দেখা যায়, ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কাজের তেমন একটা চাপ থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়েই বেশি ব্যস্ত থাকেন। একইভাবে ব্যাংকগুলোতেও জরুরি প্রয়োজন ছাড়া চলতি সপ্তাহে লেনদেনের ভিড় খুব একটা দেখা যাবে না।
এদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি ঘোষণা করে। সেই ছুটিও সোমবার শেষ হচ্ছে।